এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স নীতি, জানালেন শিক্ষামন্ত্রী
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে এবার জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার ১৪ মার্চ রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার পবিত্রতা বজায় রাখতে মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে এবং সব শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রশ্নফাঁসের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে তিনি নিজেও মাঠ পর্যায়ে তদারকি করবেন।
পরীক্ষা ব্যবস্থায় ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য সমান মানদণ্ড নিশ্চিত করতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং আগামী বছর থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চিন্তা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে তিনি নিজের দায়িত্ব পালনের একটি পবিত্র ক্ষেত্র হিসেবে দেখেন। আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার মাধ্যমে এমন একটি ভিত্তি তৈরি করতে চান যা দীর্ঘমেয়াদে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং শিক্ষা বোর্ডের সমন্বয়ে তিন স্তরের যাচাই প্রক্রিয়া চালুর পরিকল্পনার কথাও জানান।
এ সময় ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, সহ সভাপতি শাহেদ মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আসিফ হাসান কাজল, অর্থ সম্পাদক নাজিউর রহমান সোহেলসহ সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।