ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাশ
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিল করতে যাচ্ছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এ পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে।
মঙ্গলবার ১০ মার্চ দুপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪’ রিভিউ সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে আর নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না। এর ফলে ২০২৪ সালের আগে যে নিয়ম চালু ছিল, সেটিই পুনর্বহাল করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এ পরিবর্তন কার্যকর করা হবে এবং এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।