হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে আটক করে।
রোববার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে। সেখানে পুলিশের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পটুয়াখালী জেলার বাসিন্দা রাহুল নামে পরিচিত ফয়সাল করিম মাসুদ ৩৭ এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন ৩৪ রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদিকে হত্যার পর তারা দেশ ছেড়ে পালিয়ে যান। পরে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ভারতের বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় গিয়ে অবস্থান নেন।
পুলিশ জানায়, সুযোগ পেলেই তারা আবার অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় ভারতে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।
রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত পরবর্তী তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই গ্রেপ্তার হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য উন্মোচনের পথ খুলে দিতে পারে এবং আইনের আওতায় অপরাধীদের বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।