ভিআইপি প্রটোকল কমায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বৃদ্ধি
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার মধ্যে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার কারণে সড়কে যানবাহনের গতি কিছুটা বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার ৪ মার্চ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, রাজধানীর যানজট পরিস্থিতি এবং সড়কে যানবাহনের চলাচলের গতি নিয়ে একটি পর্যালোচনামূলক প্রতিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়াই চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার ফলে সড়কে যান চলাচলে ইতিবাচক প্রভাব পড়েছে।
আতিকুর রহমান রুমন বলেন, আগে রাজধানীর সড়কে যানবাহনের গড় গতি ছিল প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা অনেক সময় পায়ে হাঁটার গতির কাছাকাছি বলে মনে করা হতো। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান ভিভিআইপি প্রটোকলের ব্যবহার সীমিত করে ট্রাফিক সিগন্যাল অনুসরণ করে চলাচলের সিদ্ধান্ত নেন।
প্রতিবেদনের গত ১৪ দিনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ভিভিআইপি প্রটোকলের কারণে সড়কে যানবাহন থামিয়ে রাখার ঘটনা কমে যাওয়ায় যানবাহনের গড় গতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ দশমিক ৩ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
এতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অনুসরণ করে রাষ্ট্রপতি, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন, যার ফলে রাজধানীর সড়কে যানবাহনের স্বাভাবিক প্রবাহ কিছুটা উন্নত হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনটি প্রধানমন্ত্রী অবগত হয়েছেন এবং রাজধানীর যানজট পরিস্থিতি উন্নত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং সকলের জন্য সমানভাবে ট্রাফিক আইন প্রয়োগ করা হলে রাজধানীর যানজট পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নত হতে পারে। দায়িত্বশীল আচরণ ও নিয়ম মেনে চলার সংস্কৃতি গড়ে উঠলে নগরজীবনের স্বস্তি ফিরে পাওয়ার সম্ভাবনাও বাড়বে।