চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের বাজারে মোটা চালের দাম বাড়ার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত মোটা চালের খুচরা বাজারে মূল্য বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, বিষয়টি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয় এবং এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে বাজারে দেখা গেছে বলে জানা গেছে।
এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্থাপন করা বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশও দিয়েছেন তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব জানান, এ ধরনের প্রচারণা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার এবং মৎস্যসম্পদ রক্ষায় নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে নিয়মিত টহল বাড়ানো এবং সমুদ্রে কর্মরত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বাহিনী ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।