ঈদে ট্রেনে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল, বাড়ছে নজরদারি
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
সোমবার ২ মার্চ রাজধানীর আব্দুল গণি রোডে রেল ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে আগের মতোই নির্ধারিত আসনের বাইরে সীমিতসংখ্যক স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। তবে এসব টিকিটধারী যাত্রীরা যাতে এসি বা প্রথম শ্রেণির কামরায় ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয়সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সভায় ঘরমুখো যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সভায় আরও সিদ্ধান্ত হয়, বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে টিকিট ছাড়া কোনো যাত্রী যেন প্রবেশ করতে না পারে, সে জন্য কড়াকড়ি আরোপ করা হবে। কোনো ট্রেন বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের জন্য প্ল্যাটফর্মে নিরাপদ বসার ব্যবস্থা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রতিবছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাত্রীচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উৎসবের আনন্দ যেন ভোগান্তিতে পরিণত না হয়, সে লক্ষ্যেই সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।