ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার রোধে কাজের নির্দেশ, বললেন সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড প্রকল্প ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জে ডি এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এমন অপপ্রচার প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হতে হবে এবং জনগণকে সঠিক তথ্য দিয়ে আশ্বস্ত করতে হবে।
২৭ ফেব্রুয়ারি বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারভুক্ত একটি প্রকল্প। এ প্রকল্প নিয়ে কোনো ধরনের ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, মানুষ যেন বিভ্রান্ত না হয় সেজন্য মাঠপর্যায়ে সচেতনতামূলক উদ্যোগ জোরদার করতে হবে।
তিনি আরও জানান, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। প্রকল্পটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সব স্তরে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। বর্তমান সরকার ও প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সঠিক তথ্য ও কার্যকর তদারকির মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপকারভোগীরা সরাসরি সুফল পাবেন—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সভায় অংশ নেওয়া কর্মকর্তারা।