৩ আসনের ব্যালট পেপার ও ফলাফলের নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইকোর্টে আবেদন করেছে। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা ৬, ঢাকা ৭ এবং গাইবান্ধা ৪।
বৃহস্পতিবার আবেদন দাখিলের পর নির্বাচনি ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট তিন আসনের সব ব্যালট পেপার, ফলাফলের শিটসহ নির্বাচনী নথিপত্র হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মসংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। একই দিনে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনবেন।
গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
পরবর্তীতে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।
নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আদালতের এই নির্দেশ গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। নির্বাচনের ওপর জনআস্থা অটুট রাখতে আইনি প্রক্রিয়ার স্বচ্ছ ও নিরপেক্ষ নিষ্পত্তিই এখন সবার প্রত্যাশা।