পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পিলখানার হত্যাকাণ্ডের বিষয়টি নাগরিক হিসেবে সবার উপলব্ধিতে থাকা জরুরি। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে এ হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট ও বোধগম্য।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ ঘটনার পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক।
ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে, এটাই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।