পুলিশে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের ঘোষণা
পুলিশ বাহিনীর জনবল সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে জনবলের ঘাটতি রয়েছে। খালি পদ পূরণের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই এই নিয়োগ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
অগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পূর্ববর্তী সময়ে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স যথাযথ নিয়ম মেনে দেওয়া হয়েছে কি না এবং প্রাপকের যোগ্যতা ছিল কি না তা খতিয়ে দেখা হবে।
যেসব লাইসেন্স রাজনৈতিক উদ্দেশ্যে বা অনিয়মের মাধ্যমে দেওয়া হয়েছে বলে প্রমাণ মিলবে, সেগুলো বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট অস্ত্রের অনুমতিও প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ ও লাইসেন্স যাচাই কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, জনবল বৃদ্ধি ও অস্ত্র লাইসেন্স পুনঃযাচাই আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা জোরদারে সহায়ক হতে পারে।