৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দিতে নির্দেশ, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বহন ও প্রদর্শন নিষিদ্ধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় জমা দিতে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার ১৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবেদা আফসারী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাদের সশস্ত্র রিটেইনারদের। প্রজ্ঞাপন অনুযায়ী রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা ২০২৫ অনুযায়ী মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনি সময়ে অস্ত্রের অপব্যবহার রোধ এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।