সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে মো. সারওয়ার আলমকে উপসচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম কর্মজীবনের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভেজালবিরোধী ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে পরিচালিত অসংখ্য অভিযানের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
পরবর্তীতে ২০২০ সালের নভেম্বরে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ২০২৪ সালের আগস্টে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সিলেটে দায়িত্ব পালনকালে প্রশাসনিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। সম্প্রতি হযরত শাহজালাল রহ. এর মাজারকেন্দ্রিক কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যে মাজার এলাকায় দান ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনা এবং নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।
এরই মধ্যে সরকারের সর্বশেষ আদেশে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।