২০২৬ সালে চাকরিজীবীদের জন্য সুখবর, মিলবে একাধিক দফায় টানা দীর্ঘ ছুটি
২০২৬ সালে চাকরিজীবীদের জন্য আসছে স্বস্তির খবর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ফলে কার্যত ছুটি পাওয়া যাবে ১৯ দিন। পাশাপাশি ধর্মীয় ও ঐচ্ছিক ছুটির সুযোগ থাকায় পরিকল্পনা করলে দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
ছুটির তালিকা অনুযায়ী, মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পাঁচ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয় দিন, খ্রিষ্টানদের জন্য আট দিন, বৌদ্ধদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে এসব ছুটি মিলিয়ে বিভিন্ন সময়ে টানা অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
ফেব্রুয়ারি মাসে চাঁদ দেখা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাতের ছুটি নির্ধারিত রয়েছে, যা বুধবার হতে পারে। ওই দিনের সঙ্গে বৃহস্পতিবার একদিন ছুটি নিলে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া সম্ভব।
মার্চ মাসে ছুটির সুযোগ আরও বেশি। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা চার দিনের ছুটি এবং সাপ্তাহিক ছুটি যুক্ত হলে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে। এ ছাড়া ১৭ মার্চ শবেকদরের ছুটি থাকায় ১৮ মার্চ একদিন ছুটি নিলে টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হওয়ায় আশপাশে একদিন ছুটি নিলেই চার দিনের অবকাশ কাটানো সম্ভব, এমনকি ছুটি না নিলেও মিলবে টানা তিন দিনের বিরতি।
এপ্রিল মাসে পহেলা বৈশাখকে কেন্দ্র করে টানা ছুটির সুযোগ রয়েছে। ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটির সঙ্গে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি যুক্ত হবে। মাঝখানে ১২ ও ১৩ এপ্রিল দুই দিন ছুটি নিলে টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।
মে মাসে সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ থাকছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে যদি ২৪ ও ২৫ মে দুদিন ছুটি নেওয়া যায়, তাহলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
আগস্ট মাসেও দুই দফায় লম্বা ছুটির সুযোগ থাকছে। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস এবং ২৬ আগস্ট চাঁদ দেখা সাপেক্ষে ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ছুটি থাকতে পারে। প্রতিটি ক্ষেত্রেই পরদিন একদিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
অক্টোবর মাসে দুর্গাপূজাকে কেন্দ্র করে দীর্ঘ ছুটি মিলতে পারে। ২০ অক্টোবর নবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটির পর ২২ অক্টোবর একদিন ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।
বছরের শেষ মাস ডিসেম্বরেও লম্বা ছুটির সুযোগ রয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটির সঙ্গে ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।
সব মিলিয়ে ২০২৬ সাল সরকারি চাকরিজীবীদের জন্য ভ্রমণ, বিশ্রাম ও ব্যক্তিগত পরিকল্পনার দারুণ সুযোগ নিয়ে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।