ভেনেজুয়েলায় বড় পরিসরের হামলা, প্রেসিডেন্ট মাদুরো ও স্ত্রী আ*ট*ক: ট্রাম্প
ভেনেজুয়েলায় শনিবার ভোরে বড় পরিসরে সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়েছে।
ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে বলেন, হামলার পর মাদুরো ও তাঁর স্ত্রীকে দেশ থেকে তুলে নেওয়া হয়েছে। তবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে বা কীভাবে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার সময় একাধিক সামরিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে লা কারলোটা সামরিক বিমানঘাঁটি ও ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি উল্লেখযোগ্য। বিস্ফোরণের ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে।
এ বিষয়ে ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট মাদুরোর আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তবে সরকার মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যে হামলার কথা স্বীকার করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে সিবিএস জানায়, প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স আটক করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।