গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরাইলের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি ফিলিস্তিনের
জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইসরাইলকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এবং উপত্যকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করা জরুরি। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিয়াদ মনসুর বলেন, গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ প্রয়োজন এবং ফিলিস্তিন সংকটের ন্যায্য সমাধানও জরুরি। তিনি ২০২৫ সালের অক্টোবরে সম্পাদিত গাজা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান এবং বলেন, এই উদ্যোগ গাজায় চলমান প্রাণহানি, খাদ্য সংকট এবং মানবিক দুর্দশা কমাতে সহায়ক হতে পারে।
নিরাপত্তা পরিষদে বক্তব্যে তিনি ফিলিস্তিনি ভুক্তভোগীদের বিষয়ে জবাবদিহিতার ঘাটতির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বহু পরিবার এখনো স্বজন হারানোর বেদনা নিয়ে অপেক্ষায় রয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা অনেক মরদেহ শনাক্ত হয়নি এবং যথাযথভাবে দাফনের সুযোগও হয়নি।
তিনি আরও বলেন, আটক ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের উদ্বেগ-অনিশ্চয়তাও দীর্ঘ হচ্ছে। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রমে বাধা ও সহায়তাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানবিক কর্মীদের বিরুদ্ধে সহিংসতা ও বাধা সৃষ্টি বন্ধ করা প্রয়োজন।
রিয়াদ মনসুর জাতিসংঘের বিভিন্ন স্থাপনায় হামলার প্রসঙ্গ তুলে বলেন, এসব ঘটনায় গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ও বিভিন্ন এনজিওর কাজ নির্বিঘ্নে পরিচালনার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
ফিলিস্তিনি ভূখণ্ডের বিষয়ে তিনি বলেন, জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের সার্বভৌমত্ব নেই এবং সেখানে অব্যাহত দখলদারিত্ব আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
সুএ: আমার দেশ