ভারতের রাজ্যসভায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ, উপস্থিত ছিলেন মোদি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বুধবার রাজ্যসভায় এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন ও গৃহীত হয় বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শোক প্রস্তাব গ্রহণের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধিবেশনে উপস্থিত ছিলেন। এ সময় রাজ্যসভার সদস্যরা দাঁড়িয়ে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়।
অধিবেশন শুরুর পর নথি উপস্থাপনের আগে রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন শোক প্রস্তাব পাঠ করেন। পরে সংসদ সদস্যরা প্রয়াতদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নিরবতা পালন করেন।
এদিকে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে বুধবার রাজ্যসভার অধিবেশন শুরু হয়। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও মন্ত্রিসভার সদস্য এবং রাজ্যসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।