দুবাইয়ে এইচআরপিবি’র শাখা কমিটি গঠন
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে প্রবাসীদের এক সভায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর শাখা কমিটি গঠন করা হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ২৯ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ছয়টায়, দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিকটবর্তী আল মুসা টাওয়ারে।
প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সিহাব উদ্দিন সিমুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআরপিবি’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
সভায় আরও বক্তব্য রাখেন রাকিবুল আল মামুন, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ মজিবুর মিয়া এবং মোহাম্মদ ইয়াসিন বাবুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, প্রবাসীদের বাংলাদেশে সম্পত্তি, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় আইনি প্রতিকার নিশ্চিত করতে প্রবাসী ট্রাইবুনাল গঠনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রবাসীরা কষ্টার্জিত অর্থে দেশে সম্পদ অর্জন করলেও আইনি জটিলতার কারণে অনেক সময় সেই সম্পদের ভোগ ও দখল থেকে বঞ্চিত হন।
তিনি সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের আইনি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মানবাধিকার, পরিবেশ সুরক্ষা এবং প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় এইচআরপিবি’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে রাকিবুল আল মামুনকে আহ্বায়ক, সিহাব উদ্দিন সিমুলকে সদস্য সচিব, এবং মোহাম্মদ মজিবুর মিয়া ও মোহাম্মদ ইয়াসিন বাবুলকে যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আব্দুর রাজ্জাক শেখ প্রমুখ।