দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড, রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ
দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। মার্শাল ল ঘোষণাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে বাধা দেওয়ার চেষ্টা এবং সংশ্লিষ্ট কয়েকটি অভিযোগে শুক্রবার এই রায় ঘোষণা করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সিউলের সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত এই মামলায় ইউন সুক ইওলকে দোষী সাব্যস্ত করেন। আদালত পর্যবেক্ষণে বলা হয়, ডিসেম্বর ২০২৪ সালের মার্শাল ল ঘোষণাকে কেন্দ্র করে পরবর্তীতে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
একই মামলায় মার্শাল ল সংক্রান্ত নথিপত্র তৈরি বা প্রক্রিয়াগত বিধি অনুসরণ না করার সঙ্গে সম্পর্কিত অভিযোগ এবং নথি জালিয়াতি সংক্রান্ত অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এটি ইউন সুক ইওলের বিরুদ্ধে মার্শাল ল ঘোষণার পরবর্তী ঘটনাপ্রবাহে দেওয়া প্রথম আদালতের রায় হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে তিনি চাইলে উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে জানানো হয়েছে।