চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে
চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম পূর্বাভাসটি দেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার আভাস রয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৩ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক মৌসুমি লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।