বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান টরন্টোতে
কানাডার টরন্টোর ডানফোর্থ এলাকার বিডি ফিউশনে শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টায় বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এইচআরপিবি কানাডা শাখা আয়োজিত সেমিনারে প্রবাসীদের সম্পত্তি, বিনিয়োগ ও অধিকারসংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।
এইচআরপিবি কানাডা শাখার সভাপতি আফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদ উদ্দিন, কানাডার ডিপ্লোম্যাটিক প্রটোকল কনসালটেন্ট রশিদ খান, কমিউনিটি নেতা ব্যারিস্টার আলমগীর, মন্ট্রিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মোরসালিন, ক্লাইমেট চ্যানেলের সিইও সঞ্জয় চাকি এবং কানাডার লিবারেল পার্টির ভাইস প্রেসিডেন্ট এহসানুল হাফিজ। অনুষ্ঠান পরিচালনা করেন এইচআরপিবি কানাডা শাখার সেক্রেটারি সালমান আরেফিন।
প্রধান অতিথি সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, প্রবাসীদের সম্পত্তি ও অন্যান্য অধিকারসংক্রান্ত বিরোধে এইচআরপিবি আইনগত সহায়তা দিয়ে আসছে। তবে প্রচলিত আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রবাসী ন্যায়বিচার পেতে বিলম্বের শিকার হন। দ্রুত অভিযোগ নিষ্পত্তির জন্য প্রবাসী ট্রাইব্যুনাল গঠন জরুরি। কার্যকর ব্যবস্থা না নিলে প্রবাসীদের বিনিয়োগ ও রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন এবং সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভাপতি আফিয়া বেগম বলেন, কানাডায় বসবাসরত প্রবাসীরা বাংলাদেশে সম্পত্তি ও বিনিয়োগ নিয়ে নানা জটিলতার মুখোমুখি হন। তাদের অধিকার সুরক্ষা ও সমস্যার দ্রুত সমাধানে বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন।
সেমিনারে বক্তারা প্রবাসীদের আইনগত প্রতিকার সহজ করা এবং কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মৌলিক অধিকার নিশ্চিত করতে কানাডা সরকারের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।