নেবট্রার নতুন কমিটি গঠন, সভাপতি সিপার মিয়া, সম্পাদক দিলওয়ার হোসেন শিবলী
যুক্তরাজ্যের উত্তর ইংল্যান্ডে কর্মরত বাংলাদেশি টেলিভিশন সাংবাদিকদের সংগঠন নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, নেবট্রার দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ সিপার মিয়া, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন শিবলী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সৈয়দ জামাল হোসেন মিজান।
৭ জুলাই ওল্ডহ্যামের ঐতিহ্যবাহী এম্পায়ার সুইটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এম জি কিবরিয়া। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন খালেদ আহমেদ।
সভায় স্বাগত বক্তব্য দেন বিদায়ী সভাপতি এম জি কিবরিয়া। পরে বিদায়ী সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন এবং বিদায়ী কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন শিবলী আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুটি প্রতিবেদনই অনুমোদন লাভ করে।
এরপর নির্বাহী কমিটির অনুমোদনে নতুন নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক যোশী, গনি আহমেদ চৌধুরী, আফজাল রব্বানী এবং মুমিন খানের ওপর অর্পণ করা হয়। সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে।
নতুন কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন তৈয়বুর রহমান শ্যামল। সহসভাপতি পদে রয়েছেন মওদুদ আহমেদ ও শাহ আব্দুল কাইয়ুম। যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুব্বশর আলী। সহসাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক ও খালেদ আহমেদ। সহকোষাধ্যক্ষ নাসিরুল ইসলাম খান। সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন। সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হোসেন মামুন। দপ্তর সম্পাদক আকমল হোসেন। সহদপ্তর সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান লিটু। সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রচার ও প্রকাশনা সম্পাদক তখলিছ মিয়া। সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাকারিয়া এবং প্রশিক্ষণ সম্পাদক বশির আহমেদ।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি এম জি কিবরিয়া, শামিম আহমেদ, আমীন বাবর চৌধুরী, লিয়াকত খান, আমিনুর রহমান, আলী নিয়াজ এবং সৈয়দ নাজমুল ইসলাম সুমন।
নবনির্বাচিত নেতারা তাঁদের বক্তব্যে উত্তর ইংল্যান্ডে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, সদস্যদের মধ্যে ঐক্য জোরদার এবং কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্য, সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও অতিথিরা বিদায়ী কমিটির অবদানের প্রশংসা করে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনকে আরও গতিশীল করে উত্তর ইংল্যান্ডে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।