হেনলি সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম, আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে ৩৭ দেশে
হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান পাঁচ ধাপ উন্নীত হয়ে ৯৫তম হয়েছে। সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই মোট ৩৭টি দেশে ভ্রমণ করতে পারবেন।
হেনলি সূচকের ব্যাখ্যায় ভিসামুক্ত প্রবেশাধিকার বলতে কোনো দেশে আগাম ভিসা ছাড়া যাত্রা, অন-অ্যারাইভাল ভিসা কিংবা ই-ভিসার সুবিধাকে বোঝানো হয়েছে।
সূচকের শীর্ষে এ বছরও এশিয়ার দেশগুলোর অবস্থান রয়েছে। তালিকার প্রথম স্থানে সিঙ্গাপুর, যার নাগরিকরা ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসামুক্তভাবে যেতে পারেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান।
একই স্কোরপ্রাপ্ত দেশগুলোকে হেনলি সূচকে একই অবস্থানে রাখা হয়। সে অনুযায়ী, ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, যাদের ভিসামুক্ত প্রবেশাধিকার ১৮৬টি দেশে। চতুর্থ স্থানে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে; এসব দেশের স্কোর ১৮৫। পঞ্চম স্থানে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত, স্কোর ১৮৪।
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য হেনলি সূচকে উল্লেখিত ভিসামুক্ত বা সহজ ভিসার দেশগুলোর মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ।
এছাড়া মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতুও তালিকায় রয়েছে।
তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে ভ্রমণনীতিতে পার্থক্য থাকতে পারে। কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসা নেওয়ার সুযোগ রয়েছে। ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সরকারি সূত্র থেকে সর্বশেষ ভিসা নীতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়।