বাংলাদেশের বিষয়ে ভারতের সেনাপ্রধানের বক্তব্য: যোগাযোগ চ্যানেল খোলা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনী
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যেকোনো ধরনের ভুল-বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে।
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে কি না এবং ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কীভাবে দেখছে জানতে চাইলে জেনারেল দ্বিবেদী বলেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা বোঝা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী চার থেকে পাঁচ বছরের জন্য নাকি কেবল আগামী চার থেকে পাঁচ মাসের জন্য। পাশাপাশি, এখনই কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো প্রয়োজন আছে কি না, সেটিও বিবেচনার বিষয় বলে তিনি উল্লেখ করেন।
জেনারেল দ্বিবেদী বলেন, দ্বিতীয়ত এই মুহূর্তে তিন বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। তিনি জানান, ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল সক্রিয় রয়েছে এবং তিনি নিয়মিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তিনি আরও বলেন, অন্যান্য চ্যানেলের মাধ্যমেও যোগাযোগ বজায় আছে। ভারত একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল, যারা মাঠপর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছে বলেও জানান তিনি। একইভাবে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও যোগাযোগ করেছেন বলে তিনি উল্লেখ করেন।
জেনারেল দ্বিবেদীর ভাষ্য, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো যাতে কোনো ধরনের যোগাযোগ বিভ্রাট বা ভুল-বোঝাবুঝি না হয়। তিনি বলেন, তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার কোনোটিই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়—এমন কোনো বিষয় নয়।
সক্ষমতা উন্নয়নকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। প্রস্তুতির বিষয়ে তিনি জানান, ভারত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।