৪০ বারের বেশি হজ পালনকারী সৌদি নাগরিক নাসের আল ওয়াদাইয়ের মৃত্যু
সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১৪২ বছর। দীর্ঘ জীবনে তিনি ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
রবিবার ১১ জানুয়ারি দক্ষিণ সৌদি আরবের ধাহরান আল জানুব এলাকায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় সাত হাজারের বেশি মানুষ অংশ নেন। দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের আগের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা ঐতিহাসিক পর্বের সাক্ষী ছিলেন তিনি। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ।
পারিবারিক সূত্র জানায়, নাসের আল ওয়াদাই মৃত্যুকালে ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনিকে রেখে গেছেন। তিনি ১১০ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং সেই সংসারে তার একটি কন্যাসন্তান জন্ম নেয়।
বিভিন্ন সময় সৌদি আরবের একাধিক শাসকের শাসনকাল প্রত্যক্ষ করা এই প্রবীণ ব্যক্তি ধর্মপ্রাণ ও ধৈর্যশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সৌদি আরবজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দীর্ঘ জীবন ও ধর্মীয় অনুশীলন নিয়ে ব্যাপক আলোচনা চলছে।