ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন: কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে চলে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গুরুতর হয়ে উঠেছে। বর্তমানে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।
বার্ধক্যজনিত একাধিক জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনে অবস্থানকালে বাসায় অক্সিজেন সাপোর্টে চিকিৎসা চলছিল। বিশ্বস্ত সূত্র জানায়, গত শুক্রবার ২ জানুয়ারি হঠাৎ করেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতা বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পরপরই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রাখেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
এর আগে গত জুনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন এবং সে সময় তিনি কলকাতায় অবস্থান করছেন বলেও জানান। সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তিনি তিন মাস ধরে বাসা বদল করে আত্মগোপনে ছিলেন এবং পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে দেশ ত্যাগ করেন।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ সৃষ্টি হলে ক্ষমা চাওয়া, ভুল স্বীকার কিংবা অনুশোচনার বিষয়টি বিবেচনায় আসবে।
উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর থেকে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি দলের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।