বিএনপি, প্রধান উপদেষ্টা ও ইসি নিয়ে যা বললেন তাসনিম জারা
১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশের পর ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বিজয়ী প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইতোমধ্যে ফোন করে বিজয়ী বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপিকেও অভিনন্দন জানান তিনি।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকে হাবিবুর রশিদ হাবিব পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। এ আসনে তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৬৬ হাজার ৫২৮।
তাসনিম জারা তার পোস্টে দেশের জটিল পরিস্থিতিতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন শেষে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি লিখেছেন, তিনি কোথাও যাচ্ছেন না। তার শেকড় এ দেশে এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের লক্ষ্যে তার পথচলা অব্যাহত থাকবে। এটি দীর্ঘ পথ এবং জনগণের সঙ্গে থেকে সেই পথ চলাকে তিনি সম্মানের বলে উল্লেখ করেন।
নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত থাকলেও, অংশগ্রহণকারী প্রার্থীদের পারস্পরিক শুভেচ্ছা গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দিক হিসেবেই বিবেচিত হচ্ছে।