২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে নির্বাচন ভবন থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ফল অনুযায়ী বিএনপি সর্বোচ্চ ২১৩টি আসনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৫টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণসংহতি আন্দোলন প্রত্যেকে একটি করে আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ৭ জন।
এদিকে তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আসনগুলো হলো শেরপুর ২, চট্টগ্রাম ২ এবং চট্টগ্রাম ৪। আপিল বিভাগে বিচারাধীন মামলা ও আইনি বাধ্যবাধকতার কারণে এসব আসনের ফল আদালতের চূড়ান্ত আদেশ সাপেক্ষে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর ক্ষেত্রে সিপিএলএ নম্বর ৪৪১ ২০২৬ সংশ্লিষ্ট আপিল বিচারাধীন থাকায় তার ফলাফল প্রকাশ আপাতত স্থগিত রাখা হয়েছে। একইভাবে চট্টগ্রাম ২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে সিপিএলএ নম্বর ৪৪০ ২০২৬ বিচারাধীন থাকায় ফল ঘোষণা স্থগিত রয়েছে।
শেরপুর ২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর ক্ষেত্রেও সিপিএলএ নম্বর ৪৪২ ২০২৬ সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তির ওপর ফলাফল নির্ভরশীল থাকবে বলে কমিশন জানিয়েছে।
নির্বাচনের সার্বিক ফলাফল প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলেও স্থগিত তিন আসনের বিষয়ে আদালতের নির্দেশনার পর চূড়ান্ত চিত্র সম্পূর্ণ হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় আইনি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট আসনগুলো।