শেরপুরে নির্বাচনী দায়িত্বে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনে যাওয়ার পথে শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন রোকনুজ্জান রুকন ৩১, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর। তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়।
অন্য নিহত ব্যক্তি মাহফুজা ১৯, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাতলামারি এলাকার বাসিন্দা মো. নীরবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কাজে কয়েকদিন আগে নিজ এলাকায় গিয়েছিলেন রুকনুজ্জান রুকন। বুধবার সকালে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে রওনা দেন। শেরপুরে আসার পথে শিমুলতলী এলাকায় দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে এক নারীকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় রুকনুজ্জানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে শাহীন ৩০, রায়হান ৩০, মোহাম্মদ ২৮, সুরাইয়া ২২ এবং মাহফুজার তিন মাস বয়সী শিশু রয়েছে। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, একজন সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রে বিকল্প কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এবং নির্বাচনী কার্যক্রমে কোনো ঘাটতি হবে না।
নির্বাচনী দায়িত্ব পালনের পথে এমন মর্মান্তিক মৃত্যু সহকর্মী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। দায়িত্ববোধে এগিয়ে যাওয়া এক তরুণ কর্মকর্তার অসমাপ্ত পথচলা স্মরণ করিয়ে দেয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার পেছনে কত মানুষের নীরব ত্যাগ জড়িয়ে থাকে।