লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে বলে আশ্বাস ইসি মাছউদের
লুট হওয়া অস্ত্র নিয়ে নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, একটি বিশেষ প্রেক্ষাপটে বেশ কিছু অস্ত্র লুট হলেও তার অধিকাংশই ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। যেগুলো এখনো উদ্ধার বাকি রয়েছে, সেগুলো উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে এবং এসব অস্ত্র নির্বাচন প্রক্রিয়ায় কোনো হুমকি সৃষ্টি করবে না।
৬ ফেব্রুয়ারি সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালট একটি নতুন ব্যবস্থা হওয়ায় এতে কিছু ভুলভ্রান্তি দেখা দিতে পারে। তবে এই বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো কাজ করা হবে না বলেও তিনি দৃঢ় আশ্বাস দেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়া নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির উপস্থিত ছিলেন।
নির্বাচনের আগে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সমন্বিত প্রস্তুতি ভোটারদের মধ্যে আস্থা তৈরি করবে এবং সেই আস্থার ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।