সিলেট নগরীতে তীব্র যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী
আয়তনে ছোট হলেও সিলেট নগরীতে যানজট দিন দিন বড় সমস্যায় পরিণত হচ্ছে। যানজট নিরসনে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত থেকে হকার উচ্ছেদ এবং সড়কে পার্কিং নিষিদ্ধের মতো উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে নগরীর প্রধান সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে।
সকাল থেকে রাত পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে মানুষকে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীবাহী যান ও সাধারণ যাত্রীরা।
নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, আম্বরখানা, বন্দরবাজার, কাজলশাহ, শিবগঞ্জ, লামাবাজার ও সোবহানীঘাট এলাকায় প্রায় প্রতিদিনই তীব্র যানজট দেখা যায়। বিশেষ করে অফিস ছুটির সময় ও বিকেলে এসব এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও যানজট কমছে না।
যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না অনেকেই। শিক্ষার্থীদের দেরিতে ক্লাসে পৌঁছানো, রোগীদের হাসপাতালে নিতে বিলম্ব এবং কর্মজীবীদের অফিসে দেরিতে পৌঁছানো এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
নগরবাসীর অভিযোগ, ট্রাফিক আইন অমান্য, ওভারটেকিংয়ের প্রবণতা, অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাই যানজটের মূল কারণ।
পরিবহন শ্রমিকদের মতে, যানবাহনের চাপ বেশি হলেও নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় যত্রতত্র গাড়ি থামাতে হচ্ছে, এতে জট আরও বাড়ছে।
সচেতন মহলের অভিমত, সিলেটের মতো ছোট নগরীতে এ ধরনের যানজট অস্বাভাবিক। দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
নগরবাসী মনে করছেন, পরিকল্পিত ও টেকসই উদ্যোগ ছাড়া সিলেট নগরীকে যানজটমুক্ত করা সম্ভব নয়।