জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ২ লাখ ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রির সিদ্ধান্ত
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড়, বাওনহাওর, চাতলারপাড় ও শেওলারটুক এলাকায় অভিযান পরিচালনা করেন। সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় সবুড়ী নদী থেকে বোমা মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুত করার অভিযোগে অভিযান চালানো হয়।
অভিযানকালে সরেজমিনে ২০টি স্থান থেকে প্রায় ২ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা বোমা মেশিন সরিয়ে ফেলে বলে জানায় প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, পরিবেশ সুরক্ষার স্বার্থে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত বালু ২ ফেব্রুয়ারি বিকাল ৫টায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। পাশাপাশি ওই এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।