দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা কঠিন দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই—এমন অভিযোগ প্রায়ই শোনা যায়, তবে বাস্তবে এত বড় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।
রোববার ১ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংবাদিকদের মধ্যেও অনেক সময় মতভিন্নতা দেখা যায় এবং অল্প কয়েকজন সাংবাদিকের কথা বলা থামাতেও সময় লাগে। সেখানে দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা নিঃসন্দেহে কঠিন কাজ বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ হলে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর এবং সম্পূর্ণ নিরপেক্ষ। তিনি জানান, কোনো ধরনের অসুবিধার আশঙ্কা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তিনি বলেন, বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা আগের চেয়ে অনেক বেশি। অতীতে এই স্বাধীনতা ছিল না বলে উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারনেট বা ফেসবুক বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয় এবং কেউ এমন উদ্যোগ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সবাই স্বাধীনভাবে লিখবে এবং মত প্রকাশ করবে।
তিনি আরও বলেন, আগে সাংবাদিকরাও নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস অনেকের ছিল না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ভালো রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।