নির্বাচন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচনী পরিবেশ তৈরি হওয়ায় অনেক স্থানে একাধিক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এতে করে ফেব্রুয়ারি মাসজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটির মধ্যে পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি সরকারি চাকরিজীবীরাও ফেব্রুয়ারির শুরুতে টানা কয়েকদিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।
ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় একদিন ছুটি নিলে ৪ দিন টানা ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে। এরপর ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পরের দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় এ সপ্তাহেও টানা চার দিনের ছুটি মিলছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ঐচ্ছিক ছুটিও নির্ধারিত রয়েছে।
এদিকে কেরানীগঞ্জের গার্লস স্কুল অ্যান্ড কলেজে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী তাহিয়া তোবা জানান, শনিবার থেকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের স্কুলে ক্যাম্প স্থাপন করায় এ ছুটি দেওয়া হয়েছে। একই তথ্য নিশ্চিত করেছেন অভিভাবক তোয়াব আলীও, যিনি জানান তার মেয়ে ওই স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী ও আশপাশের আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান জানান, আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।