সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাপ্রধানের মতবিনিময়, নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয়ের ওপর গুরুত্ব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সিলেট এরিয়া পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তিনি সিলেট সফরকালে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সিলেট বিভাগের সব জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা পরিকল্পনা, সমন্বিত কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়কালে সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর সামরিক সচিব, কমাড্যান্ট এসআইঅ্যান্ডটি, জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া, সেনাসদর ও সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।