নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইলে বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইলের দুটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ২৮ জানুয়ারি রাতে পৃথক অভিযানে এসব জরিমানা আদায় করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল-৮ বাসাইল-সখীপুর আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের কর্মী-সমর্থকরা সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি পথসভার আয়োজন করেন। এ সময় সেখানে রান্না করে গণভোজের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানানো হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি শামছুন্নাহার শীলা জানান, নির্বাচনী বিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
অন্যদিকে টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খিচুড়ি ভোজের আয়োজন করেন বলে জানানো হয়। বুধবার রাতে দেলদুয়ার উপজেলার দুল্যা বাজার এলাকায় এ আয়োজনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জামায়াতের নেতাকর্মীদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা খিচুড়ি স্থানীয় একটি এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার একই ধরনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকেও ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।