টাঙ্গাইল মেডিকেলে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের জন্য নির্ধারিত ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সোমবার ২৬ জানুয়ারি বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে শনাক্ত করেন। পরে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল পরিচালকসহ তাকে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
টামেক হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো মামলা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমীন বলেছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।