গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান আইনগতভাবে সঠিক বলে মন্তব্য আলী রিয়াজের
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেছেন, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে সরকারের অবস্থান আইনগতভাবে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি বলেন, সরকারের অবস্থান আইনগতভাবে সঠিক, নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগের ক্রীড়া কমপ্লেক্সে গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যে আলী রিয়াজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে সব রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। তার ভাষ্য অনুযায়ী, জুলাই সনদ সেই সুযোগ তৈরিতে সহায়ক হবে।
জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সনদে বিসমিল্লাহ নেই অথবা এটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এমন দাবি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে নাগরিকদের ক্ষমতায়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা অবহেলায় হারানো উচিত নয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তাই গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা ও সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা দরকার বলে তিনি মন্তব্য করেন।
বক্তারা গণভোটকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।