ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি চায় না অন্তর্বর্তী সরকার, দিল্লিকে বার্তা দিয়েছেন তৌহিদ হোসেন
ভারতে অবস্থান করে শেখ হাসিনার বিবৃতি দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ বিষয়ে তিনি ভারতের সরকারকে আবারও বার্তা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতার কারণে বাংলাদেশ ও ভারতের জন্য সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-বিবৃতি দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক উদাহরণ হবে না।
সাক্ষাৎকারে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনায় অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করেছে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে না, বাংলাদেশ সম্পর্কেও ভারতের একই নীতি অনুসরণ করা উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।