সিলেটে শ্রমজীবী শিশুদের মাঝে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
সিলেটে শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট)। শীতের তীব্রতা থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট নগরীর ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (ইউকেবেট) প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমজীবী শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট দীর্ঘদিন ধরে ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি, রোগী সহায়তা এবং কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করে আসছে।
পাশাপাশি সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জরুরি মানবিক চাহিদা পূরণেও সংগঠনটি নিয়মিত ভূমিকা রেখে চলেছে। শ্রমজীবী শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই সামাজিক দায়বদ্ধতারই অংশ।
তারা আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য।