তিস্তা নদী ভাঙন এলাকা পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ
খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, তিস্তা নদী অঞ্চলের মানুষের সমস্যাগুলো চীন গুরুত্বের সঙ্গে দেখছে এবং চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত শেষ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
সোমবার দুপুরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে রংপুরের কাউনিয়া ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকাগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত একটি নৌকায় তিস্তার উভয় তীর ঘুরে দেখেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান অবস্থা, জীবনযাত্রার সংকট এবং দীর্ঘদিনের দাবিগুলো শোনেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা ত্রাণ নয়, নদীর স্থায়ী বাঁধ নির্মাণ এবং ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ চান। স্থানীয় একজন বাসিন্দা আকবর আলী বলেন, রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে তারা জানিয়েছেন।
গণমাধ্যমে দেওয়া বক্তব্যে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও ব্যাপকভিত্তিক উন্নয়ন প্রকল্পে চীন কারিগরি ও আর্থিক সহযোগিতা করছে এবং প্রকল্প বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের জীবন ও জীবিকা রক্ষা সরকারের অগ্রাধিকার, কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলের মানুষ প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জানান, প্রকল্পের ফিজিবিলিটি ও কারিগরি দিক শতভাগ যথাযথ কি না এবং বড় অঙ্কের বিনিয়োগের আর্থিক টেকসইতার বিষয়ে দুই ধরনের সমীক্ষা চলমান রয়েছে।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় পাশে থাকতে চায়। তার ভাষায়, এ পরিদর্শন ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন হবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় চীনের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন।
প্রসঙ্গত, এর আগে রোববার সন্ধ্যায় চীনা রাষ্ট্রদূত রংপুরে পৌঁছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।