দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, সোমবার দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি। এ সময় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলারও কথা রয়েছে তাঁর।
সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
ফেসবুকে তাঁর পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে কিছু মানুষের উচ্ছ্বাস প্রকাশের বিষয়েও মন্তব্য করেন ইশরাক। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্দোলন বা সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিদেশ থেকে দেশে ফিরে সেই আন্দোলনে অংশ নেবেন।
ইশরাক আরও জানান, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, এবার বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত হবেন তিনি। মাদকবিরোধী উদ্যোগের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচিও জোরদার করার কথা জানান।
এ ছাড়া দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। মাদক নির্মূলের লক্ষ্যকে সামনে রেখে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন ইশরাক হোসেন।