উত্তরা থেকে অবরোধ তুলে নিলেন পোশাক শ্রমিকরা, স্বাভাবিক হলো যান চলাচল
বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকরা অবস্থান ছেড়ে দিয়েছেন। এতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর থেকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানান, আন্দোলনরত শ্রমিকরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে যান। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থল থেকে ফেরা ও গন্তব্যে যাতায়াতকারী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার খরচ বেড়েছে। ফলে বর্তমান বেতনে সংসারের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।
জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এবং বকেয়া মজুরিসহ অন্যান্য দাবি পূরণের লক্ষ্যে তারা আন্দোলনে নামেন। পরে দুপুরের দিকে সড়ক ছেড়ে দিলে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।