৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, নতুন পরিপত্রে ছুটি ঘোষণা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং ছুটি ঘোষণার বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালনের নীতিমালা সংক্রান্ত এ পরিপত্র প্রকাশ করে।
নতুন নির্দেশনায় গত ১১ মার্চ জারি করা এ সংক্রান্ত আগের পরিপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া অন্যান্য দিবস পালনের ক্ষেত্রে আয়োজন সীমিত ও সুশৃঙ্খল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, দিবস পালনে অতিরিক্ত সাজসজ্জা ও বড় পরিসরের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা পরিহার করতে হবে।
এ ছাড়া কোনো সপ্তাহ পালনের কর্মসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। সরকারি আয়োজনের কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।