তুরস্ক সফর ও ওমরা শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির
তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরের ভিআইপি কক্ষে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্য নেতারা। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।
গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক বাংলাদেশ স্টাডিজ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে ঢাকা ছাড়েন জামায়াত আমির। সফরকালে তিনি তুরস্কের পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গেও বৈঠক করেন।
গত ৯ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কার, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকেরা অংশ নেন।
সম্মেলনে বক্তব্যে ডা. শফিকুর রহমান বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তুরস্ক সফর শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরা পালন করেন।