লন্ডনের ওয়ার হ্যামলেটসে নতুন রাজনৈতিক দল টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্ট পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
লন্ডনের বাঙালি অধ্যুষিত বরো টাওয়ার হ্যামলেটসে একটি নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্ট পার্টি নামে দলটি স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব, স্বচ্ছতা ও কমিউনিটি-কেন্দ্রিক রাজনীতির অঙ্গীকার নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে।
বুধবার ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের হ্যামলেটস এলাকার মিস্টার হোয়াইটস ইংলিশ রেস্টুরেন্টে দলের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ার লিলিয়ান কলিন্স। তিনি বলেন, নতুন দলটি স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করতে চায় এবং ন্যায়বিচার, স্বচ্ছতা ও কমিউনিটির মতামতকে গুরুত্ব দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি দলের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে দলের সেক্রেটারি মোহাম্মদ হামিদ দলের সাংগঠনিক কাঠামো ও নীতিগত অবস্থান ব্যাখ্যা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের ট্রেজারার আলী হোসেন দিপু। সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নতুন করে দলে যোগদানকারী কাউন্সিলরদের মধ্যে রয়েছেন সাইফ উদ্দিন খালেদ (ব্রমলি নর্থ), জাহেদ চৌধুরী (ল্যান্সবুরি) এবং কবির হোসেন (স্পিটালফিল্ডস ও বাংলাটাউন)।
অনুষ্ঠানে কমিউনিটির প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন। ফারহাদ আহমেদ, নেহা গুপ্তা ও সৈয়দ হাসান স্থানীয় সমস্যা, আবাসন, শিক্ষা, যুব উন্নয়ন এবং কমিউনিটির প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দলের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটসের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আসন্ন নির্বাচনের জন্য ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়, যিনি ব্যারিস্টার জামি নামে পরিচিত। তিনি তার বক্তব্যে জানান, জনগণের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কাজ করাই তার লক্ষ্য এবং টাওয়ার হ্যামলেটসকে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বরো হিসেবে গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় সাংবাদিক ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে মেয়র প্রার্থী, দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর ও নির্বাহী সদস্যরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দলের চেয়ার লিলিয়ান কলিন্স সভার সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি নতুন রাজনৈতিক যাত্রায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ টাওয়ার হ্যামলেটসের স্থানীয় রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। উল্লেখ্য, এর আগে একই এলাকায় এস্পায়ার পার্টি নামে আরেকটি স্থানীয় দল গঠিত হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন বর্তমান মেয়র লুৎফুর রহমান। পাশাপাশি টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টিসহ মূলধারার রাজনৈতিক দলগুলোর কার্যক্রমও সক্রিয় রয়েছে।