ওসমানীনগরে ৯ জনের মৃত্যুতে গভীর শোক জানালেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা
সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
শুক্রবার, ৭ আগস্ট সকালে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে সাতজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
এক শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান লুনা। একই সঙ্গে ভবিষ্যতে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।