আগামীর সাংবাদিকতায় এআই দক্ষতা অপরিহার্য, ডিআরইউতে সপ্তাহব্যাপী কর্মশালা শুরু
সাংবাদিকতার ভবিষ্যৎ ধারার সঙ্গে তাল মিলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার শেখাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার ২ মে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়, যা চলবে ৮ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাতটি ব্যাচে সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাইয়ের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সাংবাদিকদের এআই-এর মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তব প্রয়োগ শেখানো হচ্ছে। অংশগ্রহণকারীরা তথ্য সংগ্রহ, প্রতিবেদন লেখা, সম্পাদনা ও আকর্ষণীয় শিরোনাম তৈরিতে এআই টুল ব্যবহারের কৌশল রপ্ত করছেন।
এছাড়া ভুয়া তথ্য ও ডিপফেইক শনাক্তকরণ, ফ্যাক্টচেকিং এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এআই ব্যবহারের নৈতিকতা ও সম্ভাব্য ঝুঁকি নিয়েও আলোচনা হচ্ছে কর্মশালায়।
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহের সঙ্গে সঙ্গে অপতথ্যের ঝুঁকিও বেড়েছে। এআই সম্পর্কে দক্ষতা অর্জন না করলে সাংবাদিকরা পিছিয়ে পড়বেন।
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, প্রযুক্তিনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।
প্রথম দিনের সেশনে বিভিন্ন এআই টুলের ব্যবহার তুলে ধরেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান। পরে ডেটা সাংবাদিকতা ও তথ্য বিশ্লেষণ বিষয়ে আলোচনা করেন বিইউপির সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম।
শেষ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এমডি সাইফুল আলম চৌধুরী ডিজিটাল রিপোর্টিং ও সোশ্যাল মিডিয়া স্টোরিটেলিংয়ে এআই ব্যবহারের দিকনির্দেশনা দেন।
ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল জানান, হাতে কলমে শেখার সুযোগ থাকায় অংশগ্রহণকারীরা বাস্তব কাজে এই জ্ঞান প্রয়োগ করতে পারবেন।
প্রতিদিন অর্ধশতাধিক সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আয়োজকরা মনে করছেন, আগামীর সাংবাদিকতায় এআই-ভিত্তিক দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।