থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সারা দেশের থানাগুলো থেকে দালাল প্রথা সম্পূর্ণভাবে দূর করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের সেবা নিশ্চিত করতে থানাকে হতে হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক।
শনিবার ২ মে দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বিভিন্ন কক্ষ ও হাজতখানার পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কর্মরত সদস্যদের খোঁজখবর নেন। পাশাপাশি তাদের নানা সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবাগ্রহীতাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই দালালদের মাধ্যমে সেবা প্রদান বা অনিয়ম সহ্য করা হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।