আরও কয়েকদিন বজায় থাকতে পারে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহ অব্যাহত
বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ভোরের দিকে উত্তরাঞ্চল থেকে উপকূলীয় এলাকা পর্যন্ত ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কুয়াশার প্রভাবে সড়ক ও নৌপথে যান চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ছিন্নমূল মানুষ, দিনমজুর ও খেটে খাওয়া জনগোষ্ঠী। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত অসুস্থতার বেশি ঝুঁকিতে রয়েছেন।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের ২২টি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এসেছে।
বর্তমানে নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ছাড়াও রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ১০ জানুয়ারি উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।