সেনাসদরে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার ৬ জানুয়ারি অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদানে আগ্রহের কথা জানান। তিনি প্রতিরক্ষা খাতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। পাশাপাশি সামরিক কূটনীতির পরিসর আরও সম্প্রসারণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে এটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।